দুমকি (পটুয়াখালী) থেকে মো. বাহাদুর হোসেন: বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পটুয়াখালীর দুমকিতে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে আয়োজিত এ শোভাযাত্রা উপজেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সরেজমিনে দেখা যায়, বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ মাঠে জড়ো হন ব্রাজিল সমর্থকেরা। তাদের পরনে ছিল ব্রাজিল দলের হলুদ জার্সি, হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র। পরে একটি পিকআপের সামনে সমর্থকদের ব্যানার নিয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাজুড়ে ব্রাজিলের পক্ষে স্লোগান, বাঁশির শব্দ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এ আয়োজনে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা অংশ নেন। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল সমর্থক আকাশ বলেন, “আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং সমর্থকদের একত্র করতেই আমাদের এই আয়োজন।” আরেক সমর্থক রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি এবং ব্রাজিল সমর্থকদের উপস্থিতি জানান দিতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা চাই উৎসবের এই রং সবার মাঝে ছড়িয়ে পড়ুক।” উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা বলেন, “বিশ্বকাপ ফুটবলকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়, তা ইতিবাচক। বিশেষ করে তরুণদের এমন অংশগ্রহণ সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।” বিশ্বকাপের আবহে দুমকিতে ব্রাজিল সমর্থকদের এ বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more