বোরকা ব্যবহার করে জাল ভোটের আশঙ্কা প্রকাশ মির্জা আব্বাসের

Date: 2026-01-31
news-banner

অনলাইন ডেক্স:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে-এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, কোনোভাবেই জাল ভোটের চেষ্টা সহ্য করা হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, শুনেছি একটি দল নাকি ৪০ লাখ বোরকা তৈরি করেছে। এর অর্থ হতে পারে, পুরুষরা বোরকা পরে নারী ভোটার সেজে ভোটকেন্দ্রে যাওয়ার চেষ্টা করবে। আমি বোরকার প্রতি শ্রদ্ধাশীল-আমার মা নিজেও বোরকা পরতেন। কিন্তু বোরকা ব্যবহার করে যদি জাল ভোট দিতে চায়, তা আমরা মেনে নেব না। এটি প্রতিহত করতে হবে।

তিনি বলেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। তবে ফলাফল ঘোষণায় ১২ ঘণ্টার বেশি সময় লাগলে সন্দেহের সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। ফল প্রকাশে অযথা বিলম্ব হলে বুঝতে হবে এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা আব্বাস বলেন, দেশ ও জাতি একটি অস্বস্তিকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভালো আছি না খারাপ আছি-এটা ব্যাখ্যার বিষয়। আমার ব্যাখ্যায়, হাসিনার শাসনামলে যে অবস্থায় ছিলাম, এখন ঠিক সে অবস্থায় নেই। এক জায়গায় ভালো আছি-পুলিশ এখন আর আগের মতো হয়রানি করে না। তবে এই একটি দিক ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা ভালো নেই, বলেন তিনি।

অনেকে মনে করেন ২৪ তারিখেই সবকিছু চূড়ান্ত হয়ে গেছে-এমন মন্তব্যের জবাবে মির্জা আব্বাস বলেন, “যদি তাই হয়ে থাকে, তাহলে প্রশ্ন আসে-গত ১৭ বছর আমরা কী করেছি? এই সময়ে পাঁচ হাজার নেতাকর্মী গুম হয়েছেন, চার হাজার মানুষ শহীদ হয়েছেন, আমরা বছরের পর বছর কারাবরণ করেছি। এই ত্যাগের মাধ্যমেই আমরা আপনাদের পায়ের নিচের মাটি শক্ত করেছি।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, বয়স মানেই অচল হয়ে যাওয়া নয়। বরং অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য একটি বড় সম্পদ। অভিজ্ঞ মানুষদের কথা কাজে না লাগালে নতুন প্রজন্ম জীবনে এগোতে পারবে না-এটাই বাস্তবতা, বলেন তিনি।

মতবিনিময় সভায় বিভিন্ন হজ, রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তথ্য-বিডিনিউজ/এম ডিউক

Leave Your Comments