দেশে ভারত থেকে আসছে ৫হাজার টন জ্বালানি তেল

Date: 2026-03-10
news-banner

অনলাইন ডেক্স:
বাংলাদেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসতে শুরু করেছে। সোমবার বিকেল থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং প্রায় ৬০ ঘণ্টার মধ্যে তা ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, পূর্বের চুক্তি অনুযায়ী ভারত থেকে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, সোমবার বিকেল থেকে নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাঠানো শুরু হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলা এবং মজুত স্বাভাবিক রাখতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে ভারতের কাছ থেকে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ।
জানা গেছে, জ্বালানি নিরাপত্তা জোরদারে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) ও নুমালিগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে আগামী চার মাসে ৫০ হাজার টন ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে ঢাকা।
দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি মো. রজব আলী সরকার বলেন, ভারতের আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে ডিজেল সরবরাহ করা হয়। সোমবার বিকেল থেকেই ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে।
সূত্র জানায়, দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বর্তমানে পার্বতীপুর তেল ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে।
ডিপোর তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন পেট্রোল ও অকটেন সরবরাহ আগের তুলনায় কমিয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার লিটার দেওয়া হতো, সেখানে এখন দেওয়া হচ্ছে প্রায় ১ লাখ ৫ হাজার লিটার। ডিজেলের ঘাটতির কারণে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের কৃষিনির্ভর আট জেলায় সেচ কার্যক্রম চালু রাখা এবং ডিজেলচালিত যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির লক্ষ্যে ২০১৭ সালে ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল বাংলাদেশ।
 
তথ্য- বিডি প্রতিদিন
বিডিফেস/ সুমাইয়া শিমু

Leave Your Comments