দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলায়
সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ
ক্যাম্পের আয়োজন করা হয়। ডিসট্রেসড চিলড্রেন এন্ড
ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে
এ কর্মসূচি বাস্তবায়ন করে। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল
হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট। আয়োজক সূত্রে জানা যায়,
দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
বিশেষ করে যাদের ছানি অপারেশন, ওষুধ বা চশমা কেনার সামর্থ্য নেই, তাদের অগ্রাধিকার
দেওয়া হয়। ক্যাম্পে মোট ৬১৮ জন রোগী
সেবা নেন। চিকিৎসকদের পরীক্ষায় ৭২ জন ছানি রোগী শনাক্ত হন। এছাড়া ৩২৪ জনকে চশমার জন্য
উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। এর মধ্যে ৩০৫ জনকে তাৎক্ষণিকভাবে চশমা সরবরাহ করা হয়েছে।
বাকি রোগীদের আগামী ২৭ এপ্রিল কালাইয়া আরএসসি অফিস থেকে চশমা প্রদান করা হবে। এছাড়া ৩৮৪ জন রোগীকে বিনামূল্যে
ওষুধ দেওয়া হয়। শনাক্ত হওয়া ছানি রোগীদের আগামী ১৮ এপ্রিল বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট
এন্ড হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে
বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা
উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ও
নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষা ও ফিরিয়ে
আনতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more