দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায়
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) কর্তৃক গঠিত প্রডিউসার গ্রুপ (পিজি)-এর
উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলা
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুমকির আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন
এলাকার খামারি, প্রডিউসার গ্রুপের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা
অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আশিক হাজরা। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অশোক হালদার এবং প্রেসক্লাব
দুমকির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে
ডা. আশিক হাজরা বলেন, “ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের আওতায় অন্তর্ভুক্ত প্রডিউসার গ্রুপগুলো
বিভিন্ন প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা পাবে। নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলে সদস্যদের
মাসিক সঞ্চয় ভবিষ্যতে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি হিসেবে গড়ে উঠবে, যা তাদের নতুন
উদ্যোগ গ্রহণে সহায়ক হবে।” সভায় কয়েকজন সদস্য অভিযোগ
করে বলেন, সংশ্লিষ্ট কিছু প্রডিউসার গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অনুপস্থিত
ছিলেন, যা দুঃখজনক। তারা অনুপস্থিত সদস্যদের পরিবর্তে নতুন ও আগ্রহী উদ্যোক্তাদের নিবন্ধনের
আওতায় আনার দাবি জানান। বক্তারা প্রাণিসম্পদ খাতের
উন্নয়ন, খামারিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ
ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রডিউসার গ্রুপভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা
বলেন, উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে নিবন্ধনের মাধ্যমে প্রডিউসার গ্রুপগুলো প্রাতিষ্ঠানিক
স্বীকৃতি লাভ করবে, যা সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনায়
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে নিবন্ধন কার্যক্রমের
বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করা হয়। পাশাপাশি কর্মসূচির সফল বাস্তবায়নে
সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more