ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারালেন প্রায় ১,৯০০ শ্রমিক
Date: 2026-06-06
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৬, ২০২৬, ২:৪৩ পি.এম
ঈদের ছুটি শেষে কাজে এসে চাকরি হারালেন প্রায় ১,৯০০ শ্রমিক
অ-অ+
অনলাইন ডেস্ক: ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে এসে
চাকরি হারানোর খবর পেয়ে হতবাক হয়েছেন সাভার ও আশুলিয়ার প্রায় দুই হাজার শ্রমিক। পোশাক
প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে একযোগে ১ হাজার ৮৬৮
জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শনিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে
গিয়ে শ্রমিকরা জানতে পারেন, তাদের নাম ছাঁটাইকৃত কর্মীদের তালিকায় রয়েছে। অনেককে কারখানার
ফটকে টানানো নোটিশে নিজেদের নাম খুঁজতে দেখা যায়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও
উদ্বেগ ছড়িয়ে পড়ে। কারখানা সূত্রে জানা গেছে, উলাইলের
একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনির প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার
থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিককে অব্যাহতি দেওয়া
হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের অভিযোগ, পূর্বঘোষণা
ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দাবি করেন, ঈদের আগে নিয়মিত কাজের
পাশাপাশি অতিরিক্ত সময়ও কাজ করতে হয়েছে। অথচ ছুটির পর কর্মস্থলে এসে তারা জানতে পারেন,
তাদের আর প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে কর্মরত অনেক শ্রমিকও ছাঁটাইয়ের
তালিকায় রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, শ্রম আইন অনুসারে প্রাপ্য ক্ষতিপূরণ ও সুবিধা
যথাযথভাবে পরিশোধ করা হয়নি। বিশেষ করে তারা তিন মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি
করছেন। এদিকে ছাঁটাইয়ের প্রতিবাদে দুপুরে বিভিন্ন
শ্রমিক সংগঠনের উদ্যোগে সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন,
দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের বাদ দিয়ে এভাবে গণছাঁটাই করা অমানবিক। তারা অবিলম্বে শ্রমিকদের
পুনর্বহালের দাবি জানান। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে, ব্যবসায়িক
মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণে শ্রমিক সংখ্যা কমাতে হয়েছে। প্রতিষ্ঠানের কর্মকর্তাদের
দাবি, শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে ছাঁটাই কার্যক্রম সম্পন্ন করা
হয়েছে এবং প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করে। পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি
শান্ত রাখা হয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলো দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
দিয়েছে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ পোশাক
প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানায় একযোগে এই ছাঁটাইয়ের ঘটনা
ঘটেছে, যা স্থানীয় শ্রমিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more