ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস লিমিটেডে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী শ্রমিকরা প্রায় পাঁচ ঘণ্টা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন। রোববার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, চিনিকলে কর্মরত প্রায় চার শতাধিক অস্থায়ী শ্রমিক গত তিন মাস ধরে বেতন পাননি। বারবার তাগাদা দিয়েও সমাধান না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হন।
দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি ৭২ ঘণ্টার মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যান।
ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ জানান, শ্রমিকদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।