গান, কবিতা ও রঙের মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব
নভেম্বর ১৭, ২০২৬, ১:৩৪ এ.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৭, ২০২৬, ১:৩৪ এ.এম
গান, কবিতা ও রঙের মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব
অ-অ+
অনলাইন ডেস্ক:
বাঙালির প্রাচীন ঐতিহ্য ও গ্রামীণ লোকসংসৃতির টানে গান, কবিতা ও নৃত্যের ছন্দে মুখরিত হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাংস্কৃতিক সংগঠন 'আবর্তন'-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিখ্যাত বকুলতলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে 'নবান্ন উৎসব ১৪৩৩'। এই উৎসবকে কেন্দ্র করে চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে 'চিত্রকলায় নবান্ন' শীর্ষক একটি বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে ক্যানভাসে ফুটিয়ে তোলা হয় গ্রামীণ জীবনের নান্দনিক রূপ।
সোমবার বিকেলে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বকুলতলার ঐতিহ্যবাহী চত্বরে শিল্পীদের পরিবেশিত লোকসংগীত, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ ও বাংলার শিকড়ের গল্প এই আয়োজনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নবান্ন উৎসবকে বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাঁরা এই আয়োজনের সঙ্গে যুক্ত, তাঁরা মূলত আমাদের সংস্কৃতির শিকড়কে ধরে রাখার প্রশংসনীয় চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া দেশের নানা ভাষাভাষী জাতিগোষ্ঠীর সংস্কৃতি বিকশিত করতে এবং সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করতে সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান।
আগামী ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি একটি জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ওই মেগা উৎসবে সংগীত, নৃত্য, চারুকলা, আবৃত্তি, সাহিত্য, গ্রামীণ সংস্কৃতি ও প্রত্নতত্ত্বসহ সংস্কৃতির বহুমুখী ক্ষেত্রগুলো স্থান পাবে বলে উল্লেখ করেন তিনি। সাংস্কৃতিক চর্চাকে কেবল এককালীন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন তিনি।
অন্যদিকে, একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে 'অন্যায়ের বিরুদ্ধে আজীবন' স্লোগানকে সামনে রেখে 'আদি নববর্ষ ও নবান্ন মেলা'র আয়োজন করে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। বেলা তিনটেই শুরু হওয়া এই মেলা চলে রাত দশটা পর্যন্ত, যা পুরো বিশ্ববিদ্যালয় চত্বরকে এক উৎসবমুখর আমেজে রূপ দেয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more