প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২৬, ২০২৬, ৪:২৬ এ.এম
হারিয়ে যাওয়া নায়িকা মনিকা বেদির গল্প
অ-অ+
অনলাইন ডেস্ক:
নব্বইয়ের দশকের মাঝামাঝিতে হিন্দি, তামিল, তেলেগু ও পাঞ্জাবির মতো বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করছিলেন মনিকা বেদি। ‘সুরক্ষা’, ‘জোড়ি নম্বর ওয়ান’ কিংবা ‘পেয়ার ইশক অউর মোহাব্বত’-এর মতো সিনেমায় কাজ করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু অভিনয় প্রতিভার চেয়ে তাঁর ব্যক্তিগত জীবন এবং আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে সম্পর্কের বিতর্কই একসময় তাঁর পুরো ক্যারিয়ারকে গ্রাস করে নেয়।
পাঞ্জাবের হোশিয়ারপুরে জন্ম নেওয়া মনিকার জীবনের মোড় ঘুরে যায় নব্বইয়ের দশকের শেষের দিকে। এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর পরিচয় হয় ভারতের কুখ্যাত ও পলাতক অপরাধী আবু সালেমের সঙ্গে। ওই সময় আবু সালেম নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও পরবর্তীতে তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড এবং মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সংশ্লিষ্টতা প্রকাশ পায়। এই সম্পর্কের জেরে বলিউডের প্রযোজকদের কাছে কোনঠাসা হয়ে পড়েন মনিকা। চলচ্চিত্র নির্মাতাদের একাংশ তাঁর সঙ্গে কাজ করা থেকে নিজেদের গুটিয়ে নেন।
২০০২ সালে পর্তুগালের রাজধানী লিসবনে জাল পাসপোর্ট ও ভুয়া পরিচয়ে বসবাসের অভিযোগে আবু সালেমের সঙ্গে গ্রেপ্তার হন মনিকা বেদি। দীর্ঘ আইনি লড়াই শেষে তাঁদের ভারতে প্রত্যর্পণ করা হয়। জাল পাসপোর্ট ব্যবহারের দায়ে আদালতের রায়ে তাঁকে কারাবাসও করতে হয়। যদিও আন্ডারওয়ার্ল্ডের অপরাধে সরাসরি যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হয়নি, তবুও আইনি ঝামেলা ও তীব্র সামাজিক বিতর্কের কারণে বলিউড থেকে পুরোপুরি ছিটকে পড়েন তিনি।
জেল থেকে ছাড়া পাওয়ার পর ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শো এবং কিছু আঞ্চলিক ও টেলিভিশন ধারাবাহিকে কাজ করে মূলধারায় ফেরার চেষ্টা করেছিলেন মনিকা। তবে অতীতের সেই অধ্যায় তাঁর পিছু ছাড়েনি। পরবর্তী সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ভুল সম্পর্কের খেসারত হিসেবে তিনি তাঁর ক্যারিয়ার, খ্যাতি ও মানসিক শান্তি—সবকিছুই হারিয়েছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more