অনলাইন ডেক্স: হরমুজ প্রণালীকে
কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে
নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ
জ্বালানি পরিবহনপথে অস্থিতিশীলতা দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক তেলের
বাজারে। তেহরানভিত্তিক
রাজনৈতিক বিশ্লেষক আলি আকবর দারেইনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক
সাক্ষাৎকারে বলেছেন, ইরান বর্তমানে কোনও ধরনের চাপের কাছে নতি স্বীকারের অবস্থানে নেই।
তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক চাপ সত্ত্বেও তেহরান নিজেদের অবস্থান থেকে
সরে আসবে না। দারেইনির ভাষ্য
অনুযায়ী, মার্কিন প্রশাসন মনে করেছিল ইরানের ওপর চাপ বাড়ালে দেশটি সমঝোতায় যেতে বাধ্য
হবে। তবে বাস্তবে সেই কৌশল সফল হয়নি। তিনি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক
করার প্রচেষ্টাতেও ওয়াশিংটন কাঙ্ক্ষিত ফল পায়নি। বিশ্লেষকদের
মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এমন একটি সমাধান খুঁজছে, যা একদিকে
আঞ্চলিক উত্তেজনা কমাবে এবং অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও সামাল দিতে সহায়ক হবে।
বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর হরমুজ প্রণালীর গুরুত্ব
পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এদিকে ইরান
বারবার জানিয়ে আসছে, তারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের
পদক্ষেপ নিতে প্রস্তুত। তেহরানের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রদের অবস্থানও যুক্তরাষ্ট্রের
জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। বর্তমান পরিস্থিতিতে
কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে নাকি সংকট আরও বড় সামরিক সংঘাতে রূপ নেবে—তা
নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more