গণমাধ্যমে নিয়ন্ত্রণ নয়, স্বাধীন কাঠামো চায় সরকার: তথ্যমন্ত্রী

Date: 2026-05-07
news-banner

অনলাইন ডেস্ক: 
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পথে নয়; বরং স্বচ্ছতা, জবাবদিহি ও অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি স্বাধীন কাঠামো গড়ে তুলতে চায়।
বৃহস্পতিবার (৭মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থার এই সময়ে কোনো রাষ্ট্রই তথ্যপ্রবাহকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারে না। তাই গণমাধ্যম খাতে একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন সময়ের প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার গণমাধ্যম শিল্পে কোনো একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় না; বরং সহায়ক অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী। উন্নত বিশ্বে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালনার উদাহরণ তুলে ধরে তিনি জানান, বাংলাদেশও ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে।
গণমাধ্যম খাতের বিদ্যমান তথ্যসংকটের বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, পত্রিকার প্রকৃত সার্কুলেশন কিংবা টেলিভিশনের দর্শকসংখ্যা নিয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যানের অভাব রয়েছে। এ কারণে সরকার যৌথ গবেষণা, ডিজিটাল ডাটা সংগ্রহ এবং তথ্যভিত্তিক নীতিমালা তৈরির উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে বিজ্ঞাপন ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ে আরও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিজিটাল যুগের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত নীতিমালা ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বি এম সাইফুল হোসেন সোহেল। এছাড়া বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে গণমাধ্যম ও সম্প্রচার শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


তথ্য- বিডিপ্রতিদিন


বিডিফেস/ মেহেদী হাসান দ্বীপ


Leave Your Comments