৯ম পে-স্কেলের দাবিতে পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ
Date: 2026-05-08
অ-অ+
পটুয়াখালী সংবাদদাতা : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
প্রেক্ষাপটে দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের
প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, বর্তমান বেতন কাঠামো
দিয়ে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে এবং সরকারি চাকরিজীবীদের জীবনমান ক্রমেই অবনতির
দিকে যাচ্ছে। শুক্রবার (৮ মে) জেলা শিল্পকলা
একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা
শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয়
কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও
জেলা শাখার আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ইউনিয়ন
পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা সভাপতি মো. গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয়
পণ্যের দাম, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষাব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের সরকারি
কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন
করছেন। অথচ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও তারা ন্যায্য বেতন-ভাতা
ও মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা আরও বলেন, দীর্ঘদিন
ধরে নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় বাস্তব আয় কমে গেছে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য
রেখে দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণা করা সময়ের দাবি। সমাবেশ থেকে দ্রুত ৯ম জাতীয়
পে-স্কেলের গেজেট প্রকাশ, সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ এবং ২০২৬-২৭
অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি পূরণ না
হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন বক্তারা। এসময় বিভিন্ন সরকারি দপ্তর,
শিক্ষা প্রতিষ্ঠান ও সেবা খাতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more