প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১২, ২০২৬, ৫:১৬ এ.এম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের
অ-অ+
অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর বদলা নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির বর্তমান শীর্ষ নেতা ও তার উত্তরসূরি মোজতবা খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই প্রতিশোধ কোনো সাধারণ আকাঙ্ক্ষা নয়, বরং এটি পুরো ইরানি জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মোজতবা খামেনি বলেন, তাঁর বাবার ‘নিষ্পাপ রক্ত’ এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহত সব নাগরিকের মৃত্যুর জন্য দায়ীদের কঠোর জবাবদিহির মুখোমুখি করা হবে। বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধে অভিযুক্তদের সবার পরিচয় ইরানের কাছে রয়েছে এবং তারা কোনোভাবেই এই শাস্তি এড়াতে পারবে না। এই প্রতিশোধের প্রতিজ্ঞা খুব শিগগিরই পূরণ করা হবে উল্লেখ করে তিনি জানান, প্রক্রিয়াটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারি কর্মকর্তার জীবনের ওপর নির্ভরশীল নয়; বরং ইরান এই লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর।
এদিকে ইরানের এমন হুমকির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করার কোনো চেষ্টা চালায় বা সফল হয়, তবে তেহরানকে আমেরিকার পক্ষ থেকে অত্যন্ত কঠোর সামরিক জবাবের মুখোমুখি হতে হবে। এর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে মার্কিন প্রেসিডেন্টের ওপর ইরানের সম্ভাব্য হত্যা পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিল। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের নতুন কোনো সুনির্দিষ্ট বা তাৎক্ষণিক ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমাণ তারা এখনো পাননি।
উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তার বাবা, মা এবং স্ত্রী নিহত হন এবং তিনি নিজেও সেই হামলায় আহত হন। এরপর থেকে তিনি সম্পূর্ণ আত্মগোপনে রয়েছেন এবং বিভিন্ন লিখিত বিবৃতির মাধ্যমে তাঁর অনুসারী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more