কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জেলে
পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ তুলে জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতে সংবাদ
সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। সোমবার (২০ এপ্রিল) উপজেলার
চর ধুলাস্বার গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের
পরিবারের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে অভিযোগ করা
হয়, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে ২০-৩০ জনের একটি
দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় শাহ আলম হাওলাদারকে পিটিয়ে গুরুতর
আহত করা হয় এবং মিজান হাওলাদারকে কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যরা জানান,
হামলায় আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত মিজান হাওলাদার বর্তমানে ঢাকার একটি হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে দাবি করা
হয়, পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং ভুক্তভোগী পরিবার বর্তমানে
নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির
দাবি জানান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন
অভিযুক্ত পক্ষের সদস্য আক্কাস আলী। তার দাবি, তারা হামলার সঙ্গে জড়িত নন; বরং তাদের
পক্ষের একজন আহত হয়েছেন এবং ঘটনাটি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে। এ ঘটনায় মিজান হাওলাদারের
বাবা কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে
তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more