কুমিল্লায় চাঁদাবাজী করতে গিয়ে ১১ জন গ্রেফতার

Date: 2026-02-26
news-banner

অনলাইন ডেক্স:

কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় সড়কের ওপর অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং টোল আদায়ের ভুয়া রশিদ বই জব্দ করা হয়।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, নিমসার এলাকার বড় কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক, লেগুনা, প্রাইভেটকার ও অটোরিকশা থেকে টোলের নামে অর্থ আদায় করা হচ্ছিল। একাধিক অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে মহাসড়কের ওপর সরাসরি অর্থ আদায়ের সময় অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।


উদ্ধার করা রশিদ বই পর্যালোচনায় দেখা যায়, ট্রাকপ্রতি এক হাজার ৭০০ টাকা, লেগুনা থেকে এক হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি থেকে এক হাজার টাকা এবং কাঁচামালবাহী অটোরিকশা থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এছাড়া কিছু সাধারণ ব্যবসায়ীর কাছ থেকেও এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকা পর্যন্ত নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।


স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে পণ্য আনতে কোনো বৈধ ইজারা বা সরকারি ফি ছাড়াই বিভিন্ন অজুহাতে অর্থ নেওয়া হতো। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়ে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছিল।


এ বিষয়ে মো. আনিসুজ্জামান, পুলিশ সুপার, বলেন-জেলায় কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

 

বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments