প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ০৬, ২০২৬, ১:০৪ পি.এম
লাল কার্ড বিতর্কে ট্রাম্প-কেইন রসিকতা
অ-অ+
অনলাইন ডেস্ক: চলমান বিশ্বকাপে লাল কার্ড এবং ম্যাচ নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফিফার রহস্যজনক ও দ্বিমুখী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের ওপর থেকে লাল কার্ডের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিকে 'অত্যন্ত অদ্ভুত' আখ্যা দিয়ে ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কাছে নিয়মের স্বচ্ছতা ও ধারাবাহিকতা দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ হস্তক্ষেপের কারণেই তড়িঘড়ি করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা, যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে, মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে এক ম্যাচের মাঠের নিষেধাজ্ঞায় পড়েছেন ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসা। একই ধরনের ঘটনায় দুই দলের জন্য দুই রকম নীতি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে টুখেল বলেন, বালোগানের ঘটনাটি লাল কার্ড হওয়ার মতো না হলেও মাঠের রেফারি এবং ভিএআর মিলে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন; কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত কোন নিয়মে এবং কার ইশারায় বদলে গেল, তা ভীষণ রহস্যজনক। তিনি প্রশ্ন তোলেন, এভাবে যদি রাজনৈতিক বা বাহ্যিক প্রভাবে সিদ্ধান্ত পরিবর্তন করা শুরু হয়, তবে ডেক্লান রাইসের হলুদ কার্ড কিংবা প্যারাগুয়ের বিপক্ষে মাইকেল ওলিসের হলুদ কার্ডের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে কি না এবং এই অনিয়মের শেষ কোথায়। এই চরম বিতর্কের মাঝেই বিষয়টি নিয়ে এক চিলতে হাসির খোরাক জোগায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট। সম্প্রতি নিজের প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ভূয়সী প্রশংসা করে তাকে "দুর্দান্ত খেলোয়াড়" বলে আখ্যা দেন ট্রাম্প। এরই সূত্র ধরে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রসিকতা করে টুখেলের কাছে জানতে চান— কোয়ানসার লাল কার্ড বাতিলের জন্য অধিনায়ক হ্যারি কেইন কি তবে ট্রাম্পের কাছে ব্যক্তিগত কোনো সুপারিশ বা অনুরোধ করবেন? জবাবে হাসির ছলে টুখেল মন্তব্য করেন, "হতেই পারে, হয়তো এখান থেকেই নতুন কিছু শুরু হতে পারে!" তবে এই কৌতুকের আড়ালে ফিফার শাস্তি ও আপিল প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে ইংল্যান্ড শিবির। ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মতে, মাঠের সিদ্ধান্ত যদি খেলার বাইরের কোনো রাজনৈতিক প্রভাবে টেবিল বৈঠকের মাধ্যমে বদলে যায়, তবে তা ফুটবলের চিরন্তন স্পিরিট ও ফেয়ার প্লে-র ধারণাকে পুরোপুরি ধ্বংস করে দেবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more