লাথি মেরে সন্তান হত্যার অভিযোগে গ্রেফতার

Date: 2026-03-08
news-banner

অনলাইন ডেক্স:
জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগে আবু সাঈদ ওরফে মিস্টার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যা ব-১৩।
রবিবার (৮ মার্চ) দুপুরে র্যাাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যা ব জানায়- শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু সাঈদ গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মিয়ার ছেলে। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। মামলার পর ওই গৃহবধূ বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরবর্তীতে মামলা মীমাংসার কথা বলে গত ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে বাড়িতে ডেকে নেন আবু সাঈদ। সেখানে তিনি স্ত্রীকে মামলা তুলে নিতে চাপ দেন। তবে স্ত্রী এতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে তার পেটে লাথি মারেন। এতে অন্তঃসত্ত্বা নারীর রক্তপাত শুরু হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ ফেব্রুয়ারি গর্ভে থাকা শিশুটি মৃত অবস্থায় গর্ভপাত হয়।
এ ঘটনায় ওই দিনই গৃহবধূ বাদী হয়ে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
শনিবার রাতে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যা ব। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।


তথ্য- বিডিপ্রতিদিন
বিডিফেস/ সুমাইয়া শিমু

Leave Your Comments