প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২৬, ১১:০৬ এ.এম
ম্যাচের আগে হুঙ্কার কেপ ভার্দে কোচের
অ-অ+
অনলাইন ডেস্ক:
চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের মতো পরাশক্তিদের রুখে দিয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চের শেষ ৩২-এ (নকআউট পর্ব) জায়গা করে নিয়েছে তারা। এবার তাদের সামনে আরও বড় অগ্নিপরীক্ষা—প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের মুখোমুখি হওয়ার আগে এতটুকুও ভীত নয় আসরের ‘ডার্ক হর্স’ কেপ ভার্দে। বরং দলটির প্রধান কোচ বুবিস্তার কণ্ঠে ঝরছে সমীহ আর প্রবল আত্মবিশ্বাস। সাফ জানিয়ে দিলেন, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নকআউটের হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিতের পর এক আবেগঘন মুহূর্তের জন্ম দেন কেপ ভার্দে কোচ বুবিস্তা। সংবাদ সম্মেলনে নিজের গায়ে জাতীয় পতাকা জড়িয়ে হাজির হন তিনি। নিজের দল নিয়ে গর্ব প্রকাশ করে তিনি বলেন, "এই দল মাঠে যা করে দেখিয়েছে, তার জন্য আমাদের নিজেদের এবং কেপ ভার্দের সর্বস্তরের মানুষ গর্ব করতে পারে। এখন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামাটাই আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি ও গর্বের বিষয়।" মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে, যা জনসংখ্যার দিক থেকে বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ। ফিফা র্যাঙ্কিংয়ের ৬৭ নম্বরে থাকা এই দলটি চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত। ইউরোপিয়ান জায়ান্ট স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরুর পর, উরুগুয়ের সাথে ২-২ এবং সবশেষে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে নকআউটের টিকিট কাটে তারা। বিশ্বের অন্যতম সেরা দল ও সুপারস্টার লিওনেল মেসির বিপক্ষে ম্যাচ হলেও ফলাফল নিয়ে এখনই বাড়তি চাপ নিচ্ছেন না এই আফ্রিকান কোচ। বিশ্বমঞ্চে নিজের দেশের নাম তুলে ধরতে পারাকেই বড় অর্জন মানছেন তিনি। বুবিস্তা বলেন, "বিশ্বকাপে আমাদের প্রধান লক্ষ্যই ছিল পুরো বিশ্বের কাছে কেপ ভার্দেকে নতুন করে চেনানো। এই পর্যায়ে এসে ম্যাচটির ফলাফল যাই হোক না কেন, আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলাটা আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।" কেপ ভার্দের এই রূপকথা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অন্য ছোট দেশগুলোর জন্য এক দারুণ অনুপ্রেরণা হবে বলে বিশ্বাস করেন বুবিস্তা। তিনি যোগ করেন, "আমরা শুধু নিজেদের দেশেরই নয়, পুরো আফ্রিকার এবং বিশ্বের সমস্ত ছোট ছোট দেশের প্রতিনিধিত্ব করছি। এটিই আমাদের মূল মিশন। আমরা প্রমাণ করেছি যে—দৃঢ় একাগ্রতা ও মনোযোগ দিয়ে কাজ করলে আজ হোক বা কাল, লক্ষ্য অর্জন সম্ভব।" গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে পা রাখা কেপ ভার্দে কি পারবে আলবিসেলেস্তেদের রুখে দিয়ে নতুন কোনো মহাকাব্য লিখতে? নাকি বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের জয়রথ ধরে রাখবে—তা দেখতে এখন মুখিয়ে আছেন পুরো বিশ্বের ফুটবলপ্রেমীরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more