প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৮, ২০২৬, ৬:০৩ এ.এম
মামলা নিতে গড়িমসির অভিযোগে থানা ঘেরাও
অ-অ+
অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবক মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে বিক্ষোভ করেন। রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোবায়েরের মরদেহ এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ থানার সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঘটনার পরপরই মামলা দায়েরের চেষ্টা করা হলেও পুলিশ তা গ্রহণে গড়িমসি
করেছে। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি নারায়ণগঞ্জের এনায়েতনগর এলাকায় বসবাস করতেন এবং একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গত ৩ জুন
রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় জোবায়ের
প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়। জোবায়েরের স্বজনদের দাবি, ঘটনার পর থানায় মামলা
করতে গেলে তারা সহযোগিতা পাননি। এমনকি মামলা গ্রহণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও তোলেন তারা। এ ঘটনায় ক্ষুব্ধ
হয়ে এলাকাবাসী থানার সামনে অবস্থান নিয়ে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন। তবে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এক উপ-পরিদর্শককে
দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান
চলছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more