প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২৬, ৫:৩৬ এ.এম
মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
অ-অ+
অনলাইন ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের সকালের ঘোলাটে ও রোদহীন আকাশকে অনেকেই সাধারণ কুয়াশা ভেবে ভুল করছেন। অথচ এই কুয়াশাচ্ছন্ন আবরণের আড়ালে লুকিয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, যার নেপথ্যে বড় একটি ভূমিকা রাখছে আন্তসীমান্ত বায়ুদূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক অবস্থান ও বাতাসের গতিপ্রকৃতির কারণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর দূষিত বায়ুর বড় একটি অংশ বহন করছে, যা সামগ্রিক পরিবেশ পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলছে।
বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ইন্দো-গাঙ্গেয় সমভূমি অঞ্চলভুক্ত দেশগুলোর বায়ুপ্রবাহের অববাহিকা বা ‘এয়ারশেড’-এর কারণে সীমান্ত পেরিয়ে আসা দূষণ বাংলাদেশে প্রবেশ করে। শুষ্ক মৌসুমে বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের সঙ্গে পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চলের দূষিত কণা দেশের অভ্যন্তরে চলে আসে। ঢাকা অঞ্চলে বার্ষিক গড় দূষণের প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ এবং খুলনার মতো পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে এর মাত্রা আরও বেশি হয়ে থাকে। শীতকালে সীমান্ত পেরিয়ে আসা এই দূষণের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পায়।
বায়ুদূষণের পেছনে দেশের ভেতরের উৎসগুলো যেমন ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ বা বর্জ্য পোড়ানোর পাশাপাশি এই আন্তসীমান্ত বায়ুপ্রবাহ পরিস্থিতিকে চরমে নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও খ্যাতনামা বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুস সালামের মতে, দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ আন্তসীমান্ত বায়ুপ্রবাহের ক্ষতির শিকার হলেও এ বিষয়ে কার্যকর আঞ্চলিক উদ্যোগের যথেষ্ট ঘাটতি রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে যৌথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more