মার্কিন ঘাঁটিতে হামলায় দুই শতাধিক সেনা হতাহত-দাবী ইরানের

Date: 2026-03-08
news-banner

অনলাইন ডেক্স:
সাম্প্রতিক প্রতিশোধমূলক সামরিক অভিযানে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের দাবি, অপারেশন ট্রু প্রমিজ ৪ নামের এ অভিযানে দুই শতাধিক মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
ইরানি সূত্রের তথ্যে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।
এছাড়া পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারেও হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক উত্তেজনার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এ সময় দখলকৃত অঞ্চল এবং প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয় বলেও জানানো হয়।
খাতাম আল-আনবিয়া সদর দপ্তর জানিয়েছে, ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই প্রতিশোধমূলক হামলাগুলো পরিকল্পিতভাবে পরিচালনা করা হয়েছে।
 
সূত্র- তাসনিম নিউজ
বিডিফেস/সুমাইয়া শিমু

Leave Your Comments