অনলাইন ডেক্স:
যুক্তরাষ্ট্রের
বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি
প্রকাশ করেছে। এসব নথিতে একাধিক আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ থাকায়
আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদির নাম থাকার দাবি ঘিরেও বিতর্ক দেখা দিয়েছে। বিবিসির তথ্যমতে, প্রকাশিত
নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পাতা দলিল, এক লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় দুই হাজার
ভিডিও। কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ থাকার কথা বলা হয়েছে।
জেরুজালেম পোস্টের
প্রতিবেদনে দাবি করা হয়, যেসব ইমেইল নথিতে মোদির নাম রয়েছে, সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল
সফরের প্রসঙ্গ উঠে এসেছে। ওই ইমেইলগুলোতে এপস্টেইনের পক্ষ থেকে সফরসংক্রান্ত পরামর্শ
দেওয়ার দাবি করা হয়েছে। নথিতে ইসরায়েল সফর নিয়ে এপস্টেইন নিজেই কিছু মন্তব্য করেছেন
বলে দাবি করা হয়। এসব নথি প্রকাশের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও জল্পনা শুরু
হয়েছে।
তবে এসব অভিযোগ
সরাসরি অস্বীকার করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
এক ভিডিও বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম জড়িয়ে যে দাবি করা হচ্ছে
তা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও নিন্দনীয়।
তথ্য-বিডিনিউজ/এম
ডিউক