মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা
অক্টোবর ১৯, ২০২৬, ১২:২২ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ১৯, ২০২৬, ১২:২২ পি.এম
মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা
অ-অ+
বিডিফেস ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায়
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মাদকবিরোধী অভিযান
জোরদার করা এবং নিজ নির্বাচনী এলাকা ও আশপাশের জনদুর্ভোগ নিরসনে কাজ করার লক্ষ্যেই
তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান ইশরাক। তিনি বলেন, প্রতিমন্ত্রীর
পদ থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেছেন এবং প্রধানমন্ত্রী
এতে সম্মতি দিয়েছেন।
ইশরাক জানান, এখন থেকে ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায়
মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আরও
সক্রিয়ভাবে কাজ করতে চান তিনি। প্রয়োজনে অন্যান্য এলাকাতেও মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত
হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সংবাদ সম্মেলনে মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও নতুন
প্রজন্মের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন এই সংসদ সদস্য। তাঁর মতে, মাদকের বিরুদ্ধে
কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এর নেতিবাচক প্রভাব সমাজ ও রাষ্ট্রের ওপর আরও গভীর হতে
পারে। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরও দেশকে বিভিন্ন ক্ষেত্রে
সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মাদক নির্মূল
এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে ইশরাক
বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
বিশেষ করে এই কারবারের নেপথ্যে থাকা মূল হোতাদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করার
ওপর গুরুত্ব দেন তিনি। সাম্প্রতিক মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে
আইনজীবীদের বক্তব্যের সমালোচনা করেন ইশরাক। তাঁর দাবি, ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলাসংক্রান্ত
কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছিল। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি)সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে অবগত ছিলেন এবং অভিযানে যুক্ত ছিলেন বলেও জানান
তিনি। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে অভিযানের সমন্বয়ের দায়িত্ব
পালন করেছেন উল্লেখ করে ইশরাক বলেন, অভিযানে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে বিতর্কের কারণে
মাদকের মূল সমস্যা আলোচনার বাইরে চলে যাচ্ছে।
তিনি সমালোচনার পরিবর্তে মাদক বিক্রির স্থান, এর সঙ্গে
জড়িত ব্যক্তিদের পরিচয় এবং চক্রের মূল হোতাদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান
জানান। এর আগে গত শনিবার অস্ত্র হাতে নিয়ে অবৈধ মাদক ব্যবসায়ীদের
ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ইশরাক। ভিডিওটি ছড়িয়ে পড়ার
পর তাঁর অভিযান পরিচালনার ধরন ও ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরদিন রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন
তিনি। ওই দিন রাতের দিকে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান
তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশনেও
এ-সংক্রান্ত খবর প্রচার করা হয়।
তবে এসব খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করে রোববার
রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন ইশরাক। পরে সোমবার সকালে আরেকটি পোস্টে
দুপুরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সোমবারের সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করে ইশরাক
জানান, প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও মাদকবিরোধী কার্যক্রম এবং এলাকার মানুষের
সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাবেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more