প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৮, ২০২৬, ৫:৩২ এ.এম
‘ন্যাচারাল লুকে’ নেট দুনিয়ায় ঝড় তুললেন ঐশী
অ-অ+
অনলাইন ডেস্ক:
রুপালি পর্দার ঝলকানি আর ভারী মেকআপের বাইরে তিনি যে একদম সাধারণ, আরও একবার তা প্রমাণ করলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। নতুন সিনেমার ঘোষণা আর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন—সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে এই সব ব্যস্ততা ও গুঞ্জনের মাঝেই সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একদম সহজ-স্বাভাবিক ও মেকআপহীন লুকে কিছু ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে নিজের মনের অনুভূতি প্রকাশ করে ঐশী লিখেছেন, "বৃষ্টিভেজা মাটির মতোই থাকুক আমার মন—নরম, লাজুক, আর গভীর শান্তিতে ভরা।" কাজের বাইরে খুব একটা পার্টি বা আড্ডায় দেখা যায় না তাঁকে। শুটিংয়ের চেনা ব্যস্ততা শেষ হলেই নিজের মতো করে নিভৃতে সময় কাটাতে পছন্দ করেন এই তারকা।
পর্দায় অত্যন্ত আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস চরিত্রে হাজির হলেও, ব্যক্তিজীবনে নিজেকে বেশ লাজুক বলেই দাবি করেন ঐশী। এমনকি নিজের পরিবারের সামনে নিজের অভিনীত সিনেমা বা অনুষ্ঠান দেখতেও তিনি বেশ অস্বস্তি বোধ করেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙা গ্রামে বেড়ে ওঠা এই নায়িকা ক্যারিয়ারের শত ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই ছুটে যান নিজের শিকড়ে, মা-বাবা আর পরিবারের কাছে। কারণ, পরিবারই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি।
২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জয়ের পর ঢালিউডে পা রাখেন ঐশী। ক্যারিয়ারের শুরুতেই ‘মিশন এক্সট্রিমে’, ‘আদম’ এবং ‘রাতজাগা ফুল’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতার জানান দেন। বড় পর্দায় আরিফিন শুভর সঙ্গে তাঁর জুটি দারুণ সাড়া জাগিয়েছে। তাঁদের অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এর পর এবার দর্শক অপেক্ষায় আছেন এই জুটির নতুন সিনেমা ‘নূর’-এর জন্য।
তবে শুধু শুভই নন, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেও পর্দায় হাজির হতে যাচ্ছেন ঐশী। আসিফ ইসলামের পরিচালনায় নতুন সিনেমা ‘যাত্রী’তে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি ‘সোলজার’ নামের আরেকটি বিগ-বাজেট প্রজেক্টেও শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। সব মিলিয়ে পর্দার গ্ল্যামার আর বাস্তবের এই সাদামাটা রূপের দারুণ ভারসাম্য বজায় রেখে ঢালিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more