নির্বাচনের আগে আমার স্ত্রী লোন নিয়েছেন: এম পি মাসুদ
Date: 2026-06-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ১১:৪০ এ.এম
নির্বাচনের আগে আমার স্ত্রী লোন নিয়েছেন: এম পি মাসুদ
অ-অ+
অনলাইন ডেস্ক: নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে জামায়াত নেতার স্ত্রীর লোন নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিএনপি নেতা রাশেদ খাঁনের করা "বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ" নেওয়ার অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই লোন বিতর্কের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই জামায়াত নেতা। নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে তার স্ত্রীর নামে ২ কোটি ৫২ লাখ টাকা ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "আমার স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ। অত্যন্ত নিয়ম মেনেই তিনি ফ্ল্যাট কেনার জন্য এই হোম লোনটি নিয়েছেন। একজন চিকিৎসকের জন্য ব্যাংক থেকে এই পরিমাণ লোন নেওয়াটা মোটেও কোনো অস্বাভাবিক বা আলোচনার বিষয় নয়।" এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া এক বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন বিএনপি নেতা রাশেদ খাঁন। সেখানে তিনি অভিযোগ করেন, জামায়াত নেতারা সরাসরি নিজেদের নামে লোন না নিয়ে আত্মীয়-স্বজন বা কর্মীদের নামে কোটি কোটি টাকার ঋণ নিয়ে থাকেন এবং তারা কোনো জামানত ছাড়াই এই সুবিধা পান। রাশেদ খাঁনের এই অভিযোগের জবাবে শফিকুল ইসলাম মাসুদ জানান, নিয়মকানুন মেনেই এই ঋণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এর পেছনে কোনো অনৈতিক সুবিধা নেওয়া হয়নি। মূলত তার রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই ব্যক্তিগত বিষয়টিকে সামনে আনা হচ্ছে বলে তিনি দাবি করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more