নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৬
নভেম্বর ০৮, ২০২৬, ২:৫৭ পি.এম
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ০৮, ২০২৬, ২:৫৭ পি.এম
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৬
অ-অ+
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই নেতার নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তিন ভাইসহ স্থানীয় একটি সংঘবদ্ধ দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে জোরপূর্বক সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে পুনরায় গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more