প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২৬, ৪:৫৯ এ.এম
নড়াইলের কালিয়ায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ
অ-অ+
অনলাইন ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একাধিক বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় জাসাস নেতা সোহেল রানা ও পৌর কৃষক দল নেতা শাহিনুর ইসলাম নিহত হওয়ার ঘটনার জের ধরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে।
ঘটনার দিন শুক্রবার জুমার নামাজের পর বেন্দারচর গ্রামে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানের বাসভবনসহ স্থানীয় কয়েকজনের বাড়িতে হামলা ও আগুন দেওয়ার অভিযোগ ওঠে। একই সময়ে বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা ঘরবাড়ি ও দোকানের মালামাল ও গবাদিপশু লুট করে নিয়ে যায়, যার ফলে আতঙ্কে অনেক পরিবার এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।
তবে স্থানীয় বিএনপি এই হামলার সঙ্গে দলীয় সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান দাবি করেছেন, দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে হামলার যে প্রচার চলছে তা কাল্পনিক ও ভিত্তিহীন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, সাবেক সংসদ সদস্য ও এক দলীয় নেতার বাড়িতে হামলা এবং বেশ কয়েকটি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে প্রশাসন নিশ্চিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নড়াইল জেলা পুলিশ জানিয়েছে, নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজন ও কিছু লোক কয়েকটি বাড়িতে হামলা চালানোর পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু বসতিতে হামলার যে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা পুরোনো ভিডিও ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কালিয়া স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিকেল চারটার দিকে আগুন লাগলেও নিরাপত্তাজনিত প্রতিবন্ধকতার কারণে রাত আটটার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন। সে সময় প্রায় ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়, যার কিছু ফায়ার সার্ভিস নিভিয়েছে এবং কিছু নিজ থেকেই নিভে গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more