প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২৬, ৪:২৩ এ.এম
পেনাল্টি পরিসংখ্যানে জমজমাট মেসি-রোনালদো দ্বৈরথ
অ-অ+
অনলাইন ডেস্ক:
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৪ গোল। সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলির কাছে আল নাসরের ৩–১ গোলে হারের পর এই পরিসংখ্যান সামনে এসেছে। ম্যাচের ১৫ মিনিটে রোনালদো গোল করে আল নাসরকে এগিয়ে নিলেও ঠিক চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। শট নেওয়ার আগে থেমে গিয়ে তাঁর নেওয়া বল বাঁ পাশের পোস্টে লাগে। ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পর এটি ছিল তাঁর প্রথম গোল, তবে চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিই মিস করলেন তিনি এবং সৌদি প্রো লিগে প্রথমবারের মতো টানা দুটি পেনাল্টি মিসের অভিজ্ঞতা হলো ক্যারিয়ারে ৯৮৬ গোল করা রোনালদোর।
পেনাল্টি নেওয়ার সংখ্যায় লিওনেল মেসির চেয়ে অনেক এগিয়ে আছেন রোনালদো। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩৪টি পেনাল্টি শট নিয়েছেন রোনালদো, যেখানে মেসি নিয়েছেন ১৬৩টি পেনাল্টি। রোনালদো ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই দলের পেনাল্টি নেওয়ার দায়িত্ব এককভাবে সামলেছেন, কিন্তু মেসির ক্ষেত্রে তা দেখা যায়নি।
পেনাল্টি থেকে গোল ও মিসের হিসাবেও দুজনের লড়াই বেশ কাছাকাছি। ২৩৪টি পেনাল্টির মধ্যে ১৯৪টিতে গোল করেছেন রোনালদো, তাঁর সাফল্যের হার ৮২.৯১ শতাংশ। অন্যদিকে ১৬৩টি পেনাল্টি নিয়ে ১২৬ গোল করেছেন মেসি, যার সাফল্যের হার ৭৭.৩০ শতাংশ। পেনাল্টি মিসের দিক থেকে রোনালদো মিস করেছেন ৪০টি শট এবং মেসি মিস করেছেন ৩৭টি।
নির্ধারিত সময় ও শুটআউট মিলিয়ে দুজনের পেনাল্টি পরিসংখ্যানেও রয়েছে নানা চমক। মেসি নির্ধারিত সময়ে ১৫০টি পেনাল্টির মধ্যে ১১৫টিতে গোল করেছেন এবং পেনাল্টি শুটআউটে ১৩টি শটের মধ্যে ১১টিতে সফল হয়েছেন—যেখানে সব সময় দলের প্রথম শটটি নিয়েছেন তিনি; ২০০৭ সালে আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথম পেনাল্টি নিয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা। রোনালদোও ধারাবাহিকতা দেখিয়েছেন; সর্বশেষ ইউরোর আগে টানা ২৪টি পেনাল্টিতে গোল করার পাশাপাশি ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে টানা ২৬টি পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছিলেন তিনি।
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পরও দুজনের পেনাল্টি সাফল্যের ধারা বজায় রয়েছে। আল নাসরের হয়ে রোনালদো ৪১টি পেনাল্টি নিয়ে ৩৫টিতে গোল করেছেন—নির্ধারিত সময়ে ৩৮টির মধ্যে ৩২টি এবং শুটআউটে ৩টির মধ্যে ৩টিতেই। একই সময়ে ইন্টার মায়ামির হয়ে মেসি ১০টি পেনাল্টির মধ্যে ৮টিতে গোল করেছেন, যার মধ্যে নির্ধারিত সময়ে ৭টির মধ্যে ৫টি এবং শুটআউটে ৩টির সবকটিতেই সফল হয়েছেন তিনি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more