পটুয়াখালীতে ভিজিএফের চাল বিতরণ, স্বস্তি নিম্ন আয়ের মানুষের মধ্যে

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বদরপুর ইউনিয়নে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।
রোববার (২৪ মে) সকাল ১০টায় বদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে ইউনিয়নের ১ হাজার ৪২৬ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার মো. মিজানুর রহমানের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সকাল থেকেই ইউনিয়ন পরিষদ চত্বরে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদ উপলক্ষে সরকারি এ সহায়তা পেয়ে খুশি প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন।
এ সময় উপস্থিত ছিলেন বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল হোসাইন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা রিপন চন্দ্র শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave Your Comments