পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

Date: 2026-04-25
news-banner

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রমকে ঘিরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
ভুক্তভোগীদের দাবি, সরকার নির্ধারিত ভর্তি ফি ৯ হাজার ৪০০ টাকা হলেও তাদের কাছ থেকে ১১ হাজার ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। তবে রসিদে উল্লেখ করা হচ্ছে ১০ হাজার ৪০০ টাকা, ফলে অতিরিক্ত নেওয়া অর্থের হিসাব নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও প্রশ্ন।
শিক্ষার্থীরা জানান, অতিরিক্ত ২ হাজার টাকা নেওয়া হলেও তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। এতে করে তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইনস্ট্রাক্টর মাহমুদা সুলতানা শিউলি বলেন, অতিরিক্ত কিছু খরচ থাকায় পূর্বের নিয়ম অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে। তবে তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত তার একক নয়। বিষয়টি নিয়মবহির্ভূত প্রমাণিত হলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়ে থাকে, তবে সংশ্লিষ্টদেরই এর দায় নিতে হবে।
ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।

Leave Your Comments