পটুয়াখালীর আলোচিত সুজন হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

Date: 2026-03-02
news-banner

পটুয়াখালী সংবাদদাতা:
বরগুনার পাথরঘাটায় আলোচিত সুজন হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ মার্চ ২০২৬) রাত থেকে সকাল পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-৬, সিপিএসসি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, বরগুনার বামনা থানার সোনাখালী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. জালাল (৫৫) ও মো. কালু (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই পাথরঘাটা থানার মধ্য লেমুয়া এলাকার বাসিন্দা। এছাড়া খুলনা জেলার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. সবুজ হাওলাদার (৩০) ও মো. মিরাজ হাওলাদার (৪০) নামে আরও দুইজনকে আটক করা হয়। তারাও মধ্য লেমুয়া, পাথরঘাটার বাসিন্দা।o3Bp6oL.jpeg
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম সুজনের সঙ্গে আসামিদের পূর্ব থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে সুজন বাড়িতে একা থাকাকালে অভিযুক্তরা একত্র হয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বলে জানায় সংস্থাটি। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনার পাথরঘাটা থানা এবং খুলনা মহানগর পুলিশের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments