পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বিএনএসবি চক্ষু
হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় রোগীদের সহায়তায় ১০টি হুইলচেয়ার অনুদান দেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশি মাহবুবুল হকের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসিত
হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল
১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে হুইলচেয়ারগুলো হস্তান্তর
করা হয়। দাতার পক্ষে তার ভাগ্নে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি
এগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
তিনি বলেন, প্রবাসী ও সমাজের বিত্তবানদের এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা
এবং সমাজে মানবিক মূল্যবোধ জোরদার করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালীর সভাপতি মোশতাক আহম্মেদ পিনু। তিনি আশা প্রকাশ করেন, এ
ধরনের উদ্যোগ অন্যদেরও এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লিটন। এ সময় কোষাধ্যক্ষ
মো. জিয়াউল হক ফারুক, চিফ সার্জন ডা. খালেক মতিন, কনসালটেন্ট ডা. মো. হাফিজুর রহমানসহ
হাসপাতালের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের সহায়তা
দৃষ্টিপ্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে রোগীদের ব্যবহারের জন্য হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।