বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর বাউফলে রূপালী ব্যাংকের এক কোষাধ্যক্ষকে
কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি কালীশুরী রূপালী ব্যাংক শাখার
কোষাধ্যক্ষ মো. তাহমিন হাসান (৩২)। তার গ্রামের বাড়ী দশমিনা উপজেলায়।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার
কালীশুরী এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কোষাধ্যক্ষ মো. তাহমিন
হাসান ও একই ব্যাংকের অপর কর্মকর্তা আল ইমরান ব্যাংকের পাশের একটি চায়ের দোকান থেকে
ফেরার পথে একই এলাকার মো. সাকিব (৩৫) সহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দল তাহমিন হাসানকে লক্ষ্য
করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
হামলার সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে
এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহত তাহমিন হাসানকে উদ্ধার
করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত মো: সাকিবের সাথে যোগাযোগ করার
চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় আহত তাহমিন বাউফল থানায় একটি লিখিত অভিযোগ
দায়ের করেছেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর
রহমান জানান, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।