স্বাস্থ্যসেবায় অনিয়ম সহ্য করা হবে না: এমপি ড. মাসুদ

Date: 2026-05-17
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত না করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (১৭ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাসপাতাল কিংবা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে এসে কোনো অসুস্থ মানুষ যেন অবহেলা বা সেবাবঞ্চনার শিকার না হন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও মানবিক হতে হবে।
তিনি সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের বিনামূল্যে দেওয়া ওষুধ দরিদ্র ও অসহায় মানুষের অধিকার। এ ওষুধ নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। জনগণের প্রাপ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমপি আরও বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও সিএইচসিপিরা।

Leave Your Comments