সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ শফিকুর রহমানের
Date: 2026-06-09
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৯, ২০২৬, ২:৪৩ পি.এম
সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ শফিকুর রহমানের
অ-অ+
অনলাইন ডেস্ক: ঢাকা, ৯ জুন: জাতীয়
সংসদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির
আমির শফিকুর রহমান। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৬৮ ধারায় উত্থাপিত
এক নোটিশে তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা ও মালিকানা কাঠামো
নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। নোটিশে শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে রেমিট্যান্স আহরণ ও আমানত সংগ্রহে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতে ব্যাংকটির আর্থিক কার্যক্রম ও মুনাফার ইতিবাচক
চিত্র তুলে ধরে তিনি দাবি করেন, পরবর্তী সময়ে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তনের
ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটে। তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় নতুন
করে হস্তক্ষেপের চেষ্টা চলছে, যা গ্রাহক ও
বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার ভাষ্যমতে, এসব পদক্ষেপ ব্যাংকটির প্রতি জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে বক্তব্য উপস্থাপনের একপর্যায়ে স্পিকার তাকে সংক্ষিপ্ত হওয়ার অনুরোধ জানালে তিনি পুরো নোটিশ পাঠ শেষ করতে পারেননি। লিখিত নোটিশে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে পদত্যাগে বাধা দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়। পাশাপাশি ইসলামী ব্যাংককে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করা হয়। নোটিশে বলা হয়, অতীতে একই ধরনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাংকটির নিয়ন্ত্রণে পরিবর্তন আনা হয়েছিল, যার ফলে ব্যাংক ও সামগ্রিক অর্থনীতি
ক্ষতির মুখে পড়ে। বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ অবস্থায় ইসলামী
ব্যাংকের শেয়ার ও ব্যবস্থাপনা সংক্রান্ত
বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। বিষয়টি জনস্বার্থে জরুরি আলোচনার জন্য সংসদে উত্থাপন করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more