সিলেটে চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল

Date: 2026-02-28
news-banner

অনলাইন ডেক্স:

সিলেটের ওসমান নগর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে, অনুষ্ঠানে জবাই করা গরুটি চুরি করা ছিল। পরে বিষয়টি জানাজানি হলে গরুর প্রকৃত মালিককে মূল্য পরিশোধ করা হয়।

এম আহমদ ওরফে মধু মিয়া উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাজ্যপ্রবাসী এবং  (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেশে আসেন এম আহমদ। ২৪ ফেব্রুয়ারি নিজ বাড়িতে সহস্রাধিক মানুষের জন্য ইফতার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী, দেশে আসার আগেই এম আহমদ বাড়ির তত্ত্বাবধায়কের কাছে ইফতারের জন্য একটি গরু কেনার টাকা পাঠিয়েছিলেন। তবে ইফতারের আগের দিন তত্ত্বাবধায়ক সাঈদ একটি গরু জবাই করেন, যা পরে চুরি করা বলে জানা যায়।

গরুর মালিক নাজমুল ইসলাম দাবি করেন, প্রবাসী এম আহমদের এ ঘটনায় কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। তার অভিযোগ, তত্ত্বাবধায়ক মাঠ থেকে গরুটি চুরি করেছিলেন। বিষয়টি জানার পর এম আহমদ প্রকৃত মালিককে ডেকে গরুর ন্যায্যমূল্য পরিশোধ করেন এবং তার কোনো ক্ষোভ নেই বলে জানান মালিক।

ঘটনার পর শুক্রবার এম আহমদ যুক্তরাজ্যে ফিরে গেছেন বলে জানা গেছে। যাওয়ার আগে তিনি তত্ত্বাবধায়ক সাঈদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

তথ্য-বিডিপ্রতিদিন

বিডিফেস/শিমু

Leave Your Comments