প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুন ০৭, ২০২৬, ৩:২৭ পি.এম
তিন ধাপে বাস্তবায়ন হবে ৯ম পে-স্কেল
অ-অ+
অনলাইন ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের
লক্ষ্যে সরকার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয়
বাজেটে এ খাতে প্রায়
৩০ থেকে ৩৫ হাজার কোটি
টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হচ্ছে। নীতিগতভাবে আগামী ১ জুলাই থেকে
নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে পারে বলে জানা গেছে। অর্থনৈতিক চাপ, ভর্তুকি ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদ পরিশোধের বাড়তি দায় থাকা সত্ত্বেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আগামী বাজেটের আকারও তুলনামূলকভাবে বড় হতে পারে
বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নবম পে-স্কেল তিন
ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল
বেতনে বড় ধরনের বৃদ্ধি
দেওয়া হবে, যা কিছু ক্ষেত্রে
৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি
বেতন সমন্বয় সম্পন্ন করা হবে। তৃতীয় ও শেষ ধাপে
২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া,
চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতা ও সুবিধা নতুন
কাঠামোর সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নতুন পে-স্কেলে বিদ্যমান
২০টি গ্রেড অপরিবর্তিত রাখার পাশাপাশি বেতন বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের
ব্যবধান বর্তমান ১:৯.৪
থেকে কমিয়ে ১:৮-এ
নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। খসড়া প্রস্তাবে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ৮ হাজার ২৫০
টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা
এবং ১ম গ্রেডের মূল
বেতন ৭৮ হাজার টাকা
থেকে বৃদ্ধি করে ১ লাখ ৬০
হাজার টাকা করার কথা বলা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এছাড়া নিম্ন ও মধ্যম আয়ের
সরকারি কর্মচারীদের জন্য নতুন যাতায়াত ভাতা চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এ সুবিধার আওতায়
আসতে পারেন। নবম পে-স্কেলের সুফল
শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও
নতুন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যা স্বল্প পেনশনপ্রাপ্ত
প্রবীণদের আর্থিক নিরাপত্তা জোরদারে সহায়ক হতে পারে। এদিকে বর্তমানে কার্যকর ১০ শতাংশ মহার্ঘ
ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অর্থ
মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more