ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

Date: 2026-02-01
news-banner

অনলাইন ডেক্স:

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিদের দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। পাকিস্তান সরকারের এই ঘোষণার বরাত দিয়ে ডন, জিও নিউজসহ একাধিক দেশটির গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অন্যায্যতা রয়েছে এবং এই বিষয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট। নাকভি আরও জানান, সরকারের অনুমোদনের ওপরই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নির্ভর করছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু ঘিরে সাম্প্রতিক বিতর্ক বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরে বিসিবির নিরাপত্তা উদ্বেগ প্রকাশ বিষয়টি আলোচনায় আসে। আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। পরবর্তীতে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে হেরে যায়, যেখানে পাকিস্তান তাদের একমাত্র সমর্থন দেয়। উল্লেখ্য, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।

তথ্য-বিডিনিউজ/এম ডিউক

Leave Your Comments