প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ১৯, ২০২৬, ৭:২৫ এ.এম
আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
অ-অ+
অনলাইন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দিয়ে দীর্ঘসময় আলোচনায় থাকা লরেন্স বিষ্ণোই গ্যাং এবার নতুন করে হুমকি দিয়েছে অভিনেতা আমির খানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে গ্যাংটির সদস্যরা আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ তুলে এই হুমকি প্রদান করেছে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় পারিবারিক এক আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। এটি অভিনেতার তৃতীয় বিয়ে। আমির মুসলিম ধর্মাবলম্বী হলেও তাঁর তিন স্ত্রীই হিন্দু ধর্মের অনুসারী। বিয়ের এই বিষয়টি সামনে আসার পর থেকেই কিছু উগ্রবাদী গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) প্রকাশিত এক পোস্ট ও ভিডিও বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই দাবি করেন, আমির খান এমন একটি প্রবণতাকে উৎসাহ দিচ্ছেন, যা তাঁদের মতে দেশের সংস্কৃতি ও সনাতন ধর্মের পরিপন্থী। হুমকির স্বরে তাঁরা বলেন, এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে এবং ভবিষ্যতে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্তায় আরও বলা হয়, ‘যারা স্টারডমের নামে এটিকে উৎসাহিত করছে, তাদের আমাদের নিজস্ব উপায়ে মোকাবেলা করা হবে।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুক পোস্ট ও একটি ভয়েস নোটের মাধ্যমে দেওয়া এই হুমকির বিষয়টি মুম্বাই পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগকে কেন্দ্র করে বিষ্ণোই সম্প্রদায়ের রোষানলে পড়েন সালমান খান। সেই ঘটনার পর থেকে কয়েক বছর ধরে সালমান খান ও তাঁর পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০২২ সালে হুমকি সংবলিত চিরকুট, ২০২৩ সালে ই-মেইল এবং ২০২৪ সালের এপ্রিলে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। বর্তমানে কারাগারে থেকেও লরেন্স বিষ্ণোই এই অপরাধচক্র পরিচালনা করছেন বলে তদন্ত সংস্থাগুলোর দাবি।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more