দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
Date: 2026-07-20
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ১:৪২ পি.এম
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
অ-অ+
অনলাইন ডেস্ক:
দেশে হামের প্রাদুর্ভাবের ভয়াবহতা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনই সিলেট বিভাগের। বাকি দুজন ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা।
একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৯টি শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৭ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৯২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সরাসরি হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮টি শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫টি শিশু। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৭০ এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৭৮ জন।
হাসপাতালগুলোতে রোগীদের ভর্তি ও ছাড়পত্রের হারও বেশ বেশি। গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীদের মধ্যে ৯৭ হাজার ৫৩২ জন ছাড়পত্র পেয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম নিয়ন্ত্রণে টিকা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত রোগীদের ৮০ শতাংশই টিকা পায়নি। এছাড়া মারা যাওয়া শিশুদের ৫২ শতাংশের বয়স ৯ মাসের কম। এমতাবস্থায় হাম ও টিকাদান কর্মসূচি নিয়ে আরও নিবিড় অনুসন্ধানের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more