প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২০, ২০২৬, ১:০৫ পি.এম
মেঘনায় নিখোঁজের ৪৪ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
অ-অ+
অনলাইন ডেস্ক:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর ইয়াসিন সরকার ওরফে দীপু (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে স্থানীয় জেলেদের জালে তার মরদেহ আটকে গেলে সেটি উদ্ধার করা হয়।
নিহত কিশোর উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের দাইরের পাড় এলাকার মো. হান্নান সরকারের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। গত পাঁচ দিনে রায়পুরা উপজেলায় পানিতে ডুবে সাতজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ইয়াসিন তার মা ও বোনের সঙ্গে মামার বাড়ি হাইরমারা ইউনিয়নের মনিপুরা এলাকায় বেড়াতে যায়। পরদিন শনিবার দুপুরে সে অন্যান্য সহপাঠীদের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা সহপাঠীরা বিষয়টি স্থানীয়দের জানালে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে রায়পুরা ও ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। রোববার স্বজনরাও নিজস্ব প্রচেষ্টায় নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।
অবশেষে সোমবার সকালে স্থানীয় জেলেদের জালে ইয়াসিনের মরদেহ আটকা পড়ে। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ ইয়াসিনের পরিবার। রায়পুরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে পানিতে ডুবে একের পর এক শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more