পটুয়াখালীর দুমকিতে ছেলে মো. জিসানের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক দাবি করে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. লতিফ খান। তিনি দাবি করেন, আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই তার ছেলেকে ফাঁসানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে প্রেসক্লাব দুমকির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লতিফ খান বলেন, শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আল আমীন প্যাদা পূর্বপরিকল্পিতভাবে তার মাদ্রাসাপড়ুয়া ছেলে আবির হোসেনকে ভিকটিম দেখিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। তার ভাষ্য, থানায় অভিযোগ না করে সরাসরি আদালতে মামলা করা হয়েছে এবং মামলার সাক্ষীরাও বাদীপক্ষের ঘনিষ্ঠ।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মামলা তুলে নেওয়ার শর্তে তার কাছে এক লাখ টাকা দাবি করা হচ্ছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে লতিফ খান দাবি করেন, তার ছেলে জিসান ব্রাজিল দলের সমর্থক এবং বাদীপক্ষ আর্জেন্টিনার সমর্থক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, যার ধারাবাহিকতায় এ মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী আল আমীন প্যাদা। তিনি বলেন, ঘটনাটি সত্য এবং এর প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more