প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: জুলাই ২২, ২০২৬, ১:১৬ পি.এম
ষড়যন্ত্র নয়, আস্থার প্রতীক ইসলামী ব্যাংক
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
গ্রাহকদের আরও উন্নত, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাউফল উপশাখায় এক প্রাণবন্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপশাখা ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসার মো. বাকিবিল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন ধান্দী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. হবিবুল্লাহ, বিশিষ্ট সাংবাদিক ও বাউফল ছালেহিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মু. আবু সুফিয়ান, বাউফল রেসিডেন্সিয়াল মাদরাসার উপাধ্যক্ষ মো. খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মো. রহমতুল্লাহ এবং সমাজসেবক মো. নুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মো. মাহমুদুল্লাহ।
বক্তারা বলেন, দেশের একমাত্র শরিয়াহভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তারা দাবি করেন, অতীতে নানা প্রতিকূলতা ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও ব্যাংকটি দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন অনিয়ম ও অর্থপাচারের কারণে ব্যাংকটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। তবে গ্রাহক, আমানতকারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি আবারও ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রতিটি গ্রাহকই এ প্রতিষ্ঠানের অংশীদার। তাই যেকোনো অপপ্রচার বা ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন অব্যাহত রাখারও আহ্বান জানান উপস্থিত গ্রাহকরা।
অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়, সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত গ্রাহকরা ব্যাংকের সেবার মানের প্রশংসা করে ভবিষ্যতেও উন্নত সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more