ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত কর্মসূচিতে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না, এর সঙ্গে জনসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। বাড়িঘর, কর্মস্থল ও আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়, এটি সবার সামাজিক দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
কর্মসূচি শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জনবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ, বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল্লাহ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ড. শফিকুল ইসলাম মাসুদ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন এবং হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more