বাউফলে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ ও উপজেলা প্রশাসন
Date: 2026-10-05
প্রিন্ট এর তারিখ: ||প্রকাশের তারিখ: অক্টোবর ০৫, ২০২৬, ১২:৫৭ পি.এম
বাউফলে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ ও উপজেলা প্রশাসন
অ-অ+
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। কালাইয়ার গাজীর বাজারে অগ্নিকাণ্ডের তিন দিনের মাথায় ছয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও চাল দেওয়া হয়েছে। এর আগে সংসদ সদস্যের পক্ষ থেকেও পাঁচ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে কালাইয়ার গাজীর বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে উপজেলা প্রশাসনের দেওয়া সহায়তা তুলে দেওয়া হয়। ছয় ব্যবসায়ীকে প্রত্যেককে সাড়ে ৭ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা এবং চাল দেওয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।
গত ২ অক্টোবর কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ।
এর আগে ৩ অক্টোবর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল পাঁচজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়।
সোমবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনি ও তাঁর দল ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন। ব্যক্তিগত তহবিল থেকেও সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছেন। বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর বিশ্বাস রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, কালাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসনাইন আহমেদ, অর্থ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সহায়তা পাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more