বাউফল হাসপাতালে প্রবাসী নারীর মানবিক সহায়তা

Date: 2026-05-25
news-banner

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের সহায়তায় এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শওকত আরা মুন্নি। সোমবার (২৫ মে) বিকেলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার, বিস্কুট ও বিশুদ্ধ পানির বোতল বিতরণ করা হয়।
মানবিক এ উদ্যোগে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ। এ সময় তিনি হাসপাতালের দীর্ঘদিনের পানি ও বিদ্যুৎ সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, একসময় হাসপাতালে সুপেয় পানির তীব্র সংকট থাকলেও বর্তমানে কিছুটা উন্নতি হয়েছে। তবে পল্লী বিদ্যুতের কম ভোল্টেজের কারণে নিয়মিত পানি উত্তোলনে ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে ৩ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি মোটর স্থাপনের প্রয়োজন বলে জানান তিনি। বিদেশি মোটর কিনতে আনুমানিক ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হতে পারে বলেও উল্লেখ করেন।
ডা. আব্দুর রউফ আরও বলেন, হাসপাতালের জেনারেটর দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে। পূর্বে মেরামতের চেষ্টা করা হলেও তা সচল করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে, জেনারেটরটি পুনরায় চালু করতে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা প্রয়োজন হবে। এছাড়া প্রতিদিন জেনারেটর চালাতে ৮ থেকে ৯ লিটার জ্বালানি প্রয়োজন হবে।
তিনি বলেন, হাসপাতালের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আসাদুর রহমান সুমন, সাবেক কাউন্সিলর বাবুল, মো. মফিজ উদ্দিন, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নাজিম উদ্দিন, বাউফল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
রোগীদের মাঝে প্রবাসী নারীর এ মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave Your Comments