বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন এলাকার কৃষিজমি ও জলাবদ্ধ স্থান থেকে অভিযান চালিয়ে প্রায় ৩০ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ের সামনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সবুজ মিয়া এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, বর্ষা মৌসুমে নতুন পানির সঙ্গে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ প্রজনন করে। কিন্তু অবৈধ চায়না দুয়ারী জালের নির্বিচার ব্যবহারের কারণে কৈ, শিং, মাগুর, শোল, টাকি, গজার, পাবদা, টেংরা, মলা, চেলা, পুঁটি, খলিশাসহ বহু দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
তিনি বলেন, "চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা, মজুত, বিক্রি কিংবা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের জালের ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।" উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, অবৈধ জাল বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও আইনের আওতায় আনা হবে। তিনি জানান, দেশীয় মাছ সংরক্ষণে উপজেলার সর্বত্র নিয়মিত চিরুনি অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more