বাউফলে দুই টয়লেট নিয়ে ‘২ কোটি’ বিতর্ক, মিলল সত্য

Date: 2026-05-05
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় দুটি টয়লেট নির্মাণ প্রকল্পের ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট ব্যাপক বিভ্রান্তির অবসান হয়েছে। নামফলকে একটি কমার ভুল ব্যবহারের কারণে প্রায় ২ লাখ টাকার প্রকল্পকে ভুলভাবে প্রায় ২ কোটি টাকা হিসেবে প্রচার করা হয়।
সম্প্রতি উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামে নবনির্মিত দুটি টয়লেটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। টয়লেটটি নির্মাণ করা হয় বাউফল উপজেলা উপ- সহকারী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবির এর বাড়ীর দরজায়।  সেখানে নামফলকে ব্যয়ের পরিমাণ লেখা ছিল ‘১,৯৯,৯৯৯,৯২’ টাকা। কমার ভুল অবস্থানের কারণে অনেকেই এটিকে ১ কোটি ৯৯ লাখ টাকা হিসেবে ধরে নেন। বিষয়টি দ্রুতই ভাইরাল হয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।
সোমবার (৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট নামফলকটি ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। বর্তমানে সেখানে ব্যয় উল্লেখ করা হয়েছে ১,৯৯,৯৯৯.৯২ টাকা (এক লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ৯২ পয়সা)। স্থানীয়রা জানান, দশমিকের জায়গায় কমা ব্যবহারের কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন দরপত্র আহ্বান করে। ঠিকাদার মোস্তাফিজুর রহমান ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কাজের দায়িত্ব পান এবং ৮ জানুয়ারি ২০২৬ কাজ শেষ করেন। পরে উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক ও সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম সরেজমিন পরিদর্শন শেষে চূড়ান্ত বিল অনুমোদন করেন।
লাইসেন্সধারী ঠিকাদারের অধীনে সাব-কন্ট্রাক্ট হিসেবে কাজটি বাস্তবায়ন করেন ‘সদ্য এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সুধীর নট্ট এবং স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন।
উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক জানান, পরিদর্শনের সময় নামফলক স্থাপন করা হয়নি। প্রাক্কলনে নামফলকের জন্য বরাদ্দ না থাকলেও স্বচ্ছতার জন্য তা স্থাপন করতে বলা হয়েছিল। প্রিন্টিং ত্রুটির কারণে ভুলটি হয়েছে, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ বলেন, এটি একটি সাধারণ মুদ্রণজনিত ভুল। বিষয়টি জানার পরপরই সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংখ্যার পাশাপাশি কথায় ব্যয় উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, একটি সামান্য যতিচিহ্নের ভুল বড় ধরনের বিভ্রান্তি তৈরি করেছে, যা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করেছে। তারা ভবিষ্যতে এ ধরনের কাজে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Leave Your Comments