বাউফলে হাম প্রতিরোধে প্রশাসনের সচেতনতা সভা

Date: 2026-04-16
news-banner

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় হাম রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়|
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ|
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ বলেন, হাম রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে| তিনি বলেন, এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের সবারই দায়িত্ব রয়েছে| সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালিয়ে জনগণকে সচেতন করতে হবে, যাতে সংক্রমিত কেউ যেন চিকিৎসার বাইরে না থাকে|

Kng3b9E.jpeg
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, হাম রোগ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রয়েছে| আগামী ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত উপজেলায় টিকাদান কার্যক্রম পরিচালিত হবে|
তিনি আরও জানান, উপজেলার ১৫টি ইউনিয়নের স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৪৫টি ওয়ার্ডে অস্থায়ী সাব-ব্লকের মাধ্যমে প্রায় ৪ হাজার ৪শ ৬জন শিশুর টিকা প্রদান করা হবে| এছাড়া তালিকার বাহিরে থাকা কোন অভিভাবক শিশুদের স্থায়ী কেন্দ্রে নিয়ে আসলে তাদের জন্যও ব্যবস্থা থাকবে| ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকাদান কার্যক্রমে অংশ নেবে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং স্বেচ্ছাসেবকসহ মোট ৮১৮ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী|

soFDn2X.jpeg
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেন, মাই টিভির বাউফল প্রতিনিধি মো. অহিদুজ্জামান ডিউকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা|

 

Leave Your Comments