বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক সাংবাদিক ও তার বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উত্তর মমিনপুর গ্রামের বাসিন্দা মকবুল প্যাদা (৭০), তার স্ত্রী এবং তাদের ছেলে আশিক বিল্লাহ, যিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের বাউফল প্রতিনিধি হিসেবে কর্মরত। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে মকবুল প্যাদা দেখতে পান, তার দাবি করা জমিতে কয়েকজন ব্যক্তি চাষাবাদ করছেন। তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রীও হামলার শিকার হন। আশিক বিল্লাহ অভিযোগ করেন, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ফোনের কভারের ভেতরে কিছু নগদ টাকাও ছিল বলে তিনি দাবি করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশিক বিল্লাহ বলেন, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। তিনি পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জব্বার চৌকিদার। তিনি বলেন, "আমি জমিটি ইজারা নিয়েছি। চাষাবাদ করতে গেলে বাধা দেওয়ায় সামান্য হাতাহাতি হয়েছে, বড় ধরনের কোনো মারধরের ঘটনা ঘটেনি।" আরেক অভিযুক্ত জসিম খানও হামলার অভিযোগ অস্বীকার করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more